logo

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

Published:12 Nov 2026, 04:47 PM

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার দুই দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার আদালতের এজলাস থেকে পালিয়ে যান তিনি। গ্রেপ্তার কাউসার মিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৮ নং বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্বধলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার ওই মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় একটি মামলা (এফআইআর নং-৮, তারিখ- ১০/১১/২০২৬) করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা (এফআইআর নং- ৩৭/২৬৯) দায়ের করেন। ওইদিনই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানান, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com