ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মৃত অবস্থায় পাওয়া গেছে আরও একজনকে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের খুঁজে বের করতে অভিযান চলছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় এ জাহাজে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে এটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।
জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনে যাচ্ছিল। কিন্তু বানজারমাসিন থেকে ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটি নিখোঁজ হয়ে যায়। এরপর এটির সর্বশেষ অবস্থান লক্ষ্য করে উদ্ধারকারীরা দ্রুত সেখানে ছুটে যান।
বানজারমাসিনের তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আরিয়ান্তো আরদি নিশ্চিত করেছেন, নৌযানটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বঙ্গোপসাগর সংলগ্ন জাভা সাগরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জাভা সাগরের বানজারমাসিন জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে অবস্থানকালে জাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ সম্ভব হয়েছিল।
উল্লেখ্য, ১৭ হাজারের বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজই সাধারণ মানুষের অন্যতম প্রধান মাধ্যম। তবে সঠিক তদারকির অভাব ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেশটির নৌপথে প্রায়শই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।
গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।
পিপলসনিউজ/আরইউ