logo

ইসরায়েলের নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

Published:21 Mar 2025, 09:31 PM

ইসরায়েলের নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলের নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এই হামলার বিষয় আঁচ করতে না পারায় দেশটির নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করে।

নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী ১০ এপ্রিল।

২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল।

নেতানিয়াহু গত রবিবার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরো বেড়েছে।

নেতানিয়াহুর পদক্ষেপটি ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। জেরুজালেমে সরকারবিরোধী বিক্ষোভ আরো তীব্র হয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরায়েলি।

গত মঙ্গলবার থেকে গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা বলছে, হামাসের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে।

এই হামলার মধ্য দিয়ে গাজায় দুই মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটে।

গাজায় ইসরায়েলের নতুন এই হামলায় অন্তত ৫৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটির কার্যক্রমসহ সদস্যপদের তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়।

বার তাকে পদচ্যুত করার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা বলেছেন, পদক্ষেপটির বৈধতা মূল্যায়ন না করা পর্যন্ত বারকে বরখাস্ত করা যাবে না।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একজন কট্টর সমালোচক এই অ্যাটর্নি জেনারেল। তিনি নিজেও বরখাস্ত প্রক্রিয়ার মুখোমুখি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করা হয়। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ১৫ মাসের ইসরায়েলি হামলায় ৪৮ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com