logo

এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান

ক্রীড়া ডেস্ক

Published:24 Nov 2026, 12:51 PM

এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান

এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার হলেন কাভান সুলিভান

আরেকটি রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলের বিস্ময়বালক কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সেই ২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। 

সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ। মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়েছেন কাভান।

পুরস্কারটির ভোটাভুটিতে ক্লাবগুলোর টেকনিক্যাল স্টাফ, গণমাধ্যমকর্মী ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন। তিনটি বিভাগেই সর্বোচ্চ ভোট অর্জন করেছেন কাভান। এ লড়াইয়ে তার জাতীয় দলের সতীর্থ ও রেড বুল নিউইয়র্কের দুই উদীয়মান তরুণ জুলিয়ান হল (১০ দশমিক ৯৮ শতাংশ) দ্বিতীয় ও আদ্রি মেহেমেতি (পাঁচ দশমিক ৯৮ শতাংশ) তৃতীয় হয়েছেন।

এমএলএসে নিজের প্রথম পূর্ণাঙ্গ আসরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ভীষণ প্রতিভাবান কাভান। ২৯ ম্যাচে মোট ২৩টি গোলে অবদান (৯ গোল ও ১৪ অ্যাসিস্ট) রেখে নিয়মিত মৌসুম শেষ করেন তিনি। এমএলএসের একটি নির্দিষ্ট মৌসুমে কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ সংখ্যক গোলে অবদান ও অ্যাসিস্টের রেকর্ড এগুলো।

টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেও রেকর্ড গড়েন কাভান। এমএলএসের ইতিহাসে আর কোনো কিশোর ফুটবলারের টানা এত ম্যাচে গোলে অবদান রাখতে পারেনি। শুধু তাই নয়, নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় (১৭ বছর ২ দিন) হিসেবে এই পুরস্কার জেতার রেকর্ড এটি।

ক্লাবের হয়ে সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কাভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের স্কোয়াডে ডাক পান তিনি। চমক জাগিয়ে পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নেন।

আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন কাভান। এর মধ্যে গত অক্টোবরে মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি। গোলটি করার সময় তার বয়স ছিল ১৭ বছর ৫ দিন।

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি ২০২০ সাল থেকে বর্তমান কাঠামোয় দেওয়া হচ্ছে। ২২ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্য থেকে বিজয়ীকে বেছে নেওয়া হয়।

ফিলাডেলফিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন কাভান, যার পারিবারিক সূত্রে সংযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে। তার নানি সুলতানা আলম বেড়ে উঠেছিলেন ঢাকায়। তার দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান ইতোমধ্যে বয়সভিত্তিক জাতীয় দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com