logo

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

Published:27 Dec 2025, 12:20 PM

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।

সেখানে কবর জিয়ারত এবং কিছু সময় থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পৌনে ১১টার একটু পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

বিএনপি জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। 

গত দুই দিনের মতো আজ লাল, সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। তিনি সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল।

এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতা–কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ভিড় করেন। 

পিপলসনিউজ/আরইউ  

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com