logo

ওয়াজ মাহফিলে ঢলে পড়লেন বক্তা, পরে মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

Published:09 Dec 2025, 09:46 PM

ওয়াজ মাহফিলে ঢলে পড়লেন বক্তা, পরে মৃত্যু

ওয়াজ মাহফিলে ঢলে পড়লেন বক্তা, পরে মৃত্যু

ওয়াজ মাহফিলে বয়ান করছিলেন বক্তা। উপস্থিত হাজারো মানুষ গভীর মনোযোগে বয়ান শুনছিলেন। হঠাৎই অসংলগ্ন হয়ে পড়লেন বক্তা, মুহূর্তেই সামনে টেবিলের ওপর ঢলে পড়লেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই ইসলামি বক্তার নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

এ ছাড়া তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার রাতে চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম। বয়ান শুরুর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন তিনি।

এদিন বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাত্র আড়াই বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com