কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে টুপটুপ রিসোর্ট আগুনে পুড়েছে। এ ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার পরে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উখিয়ার ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন পাঁচ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। রিসোর্টটি একদম পুড়ে কয়লা হয়ে গেছে। আমরা কাজ করছি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবরে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপনে কাজ করছেন।
পিপলসনিউজ/আরইউ