logo

কক্সবাজারে অগ্নিকাণ্ড : রিসোর্ট মালিকসহ ৪ জনের নামে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

Published:18 Oct 2026, 12:37 PM

কক্সবাজারে অগ্নিকাণ্ড : রিসোর্ট মালিকসহ ৪ জনের নামে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে অগ্নিকাণ্ড : রিসোর্ট মালিকসহ ৪ জনের নামে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্ট মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রিসোর্ট মালিক তানভীর আহমদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামি ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে শনিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপ-পরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর শনিবার রাতে এ মামলা করেন। মামলায় চার জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকার ওই রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে, পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে পুলিশ হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহ করছে।

ফায়ার সার্ভিস জানায়, ঝুঁকিপূর্ণ বিবেচনায় চার মাস আগে রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। এর অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না।

জুন মাসে ফায়ার সার্ভিসের এক পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১১ জুন আনুষ্ঠানিক নোটিশ দেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com