ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতদের ১৩ জনই নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন শিশু। আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনিন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
কলকাতা পুলিশ এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, শনিবার ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সার্বজনিন পূজার মণ্ডপ থেকে বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ব্যাপক বৃষ্টি হওয়ায় মণ্ডপের ভেতর সাধারণ মানুষের প্রচুর ভিড় হয়। তখনই অনেকে পদদলিত হন। আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুমের অতিরিক্ত সদস্য, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারান। এরপর তাদের মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, মণ্ডপে ঢোকার গেটটি অনেক সরু ছিল, বের হওয়ার গেটটিও সরু ছিল। ওই এলাকায় কোনো লাইটিংও ছিল না। আমার মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে আছে।
ঘটনার ভয়াবহতা বেশি হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে ছুটে গেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
অপরদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেন, চোরবাগান পূজা মণ্ডপে পদদলনের ঘটনা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে সব আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং হতাহতদের পরিবারের প্রতি এই শোক সওয়ার মতো শক্তি কামনা করছি।
পিপলসনিউজ/আরইউ