logo

কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

Published:21 Nov 2026, 01:38 PM

কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু

কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান। সাবা শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এস রহমান শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও অন্য পরিবারের দুই জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার ভোরে তার মৃত্যু হয়।

দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ছয় শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রতিবেশী সুমনের ভাষ্য, আগের রাতে রান্নার জন্য চুলা জ্বালিয়েছিলেন বাসার লোকজন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে চুলা বন্ধ করতে ভুলে যান তারা। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে তা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায় এবং মুহূর্তে বাসায় ছড়িয়ে পড়ে।

আবদুর রহমানের মা রহিমা বেগম জানান, আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। স্ত্রী সাবা ও সন্তান রহমানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সামসুন নাহার ও তার মেয়ে সানজিদা ওই বাসায় সাবলেট থাকতেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com