গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল শেষে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমা বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস বলেন, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে। তাদের এক্সরে করতে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।
অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক।
এর জেরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরেন।
সংঘর্ষ চলাকালে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা বলেন, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পিপলসনিউজ/আরইউ