logo

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

Published:21 Dec 2025, 11:41 AM

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। ঘটনার পর থেকেই সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। 

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’। 

ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ১৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com