জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বুরুঙ্গা এলাকায় শনিবার (৭ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের আট মাস বয়সি মেয়ে রিফা। নিহত অন্যজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল।
এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়; পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে তাতে থাকা শিশুসহ একই পরিবারের তিন যাত্রী নিহত হন৷ আর মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মোটরসাইকেল আরোহী লিখনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি মাহমুদুল আরও বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পিপলসনিউজ/আরইউ