logo

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Published:18 Aug 2025, 09:49 PM

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার

ঝিনাইদহের সাবেক এমপি অপু ঢাকায় গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের মামলা রয়েছে। এ ছাড়া, গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এইসব মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন অপু। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির শূন্য পদে মনোনয়ন দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার হয়েছেন। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com