logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

নিজস্ব প্রতিবেদক

Published:30 Sep 2026, 11:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক স্থাপন করা হবে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে শহীদ ওসমান হাদি হল নামটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম শহীদ ওসমান হাদি হল করার দাবি উঠলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এ কারণে হলের ফটকে আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য সচিব সিহাব হোসেন শাহেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিধি ও অফিসিয়াল প্রক্রিয়া মেনে হল প্রশাসনের মাধ্যমে মূল গেটে পুনরায় হলটির অফিসিয়াল নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ স্থান পাচ্ছে। এর মধ্য দিয়ে এ বিষয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হবে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল কখনো মবোক্রেসি কিংবা সাময়িক প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। আমরা টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি।

হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

লিখিত আবেদন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লিখিত আবেদন আমাদের কাছে নেই। মৌখিকভাবে বারবার এসে তারা আমাদের বিরক্ত করছে। অভিভাবকরা বিভ্রান্ত হন। তাদের সার্টিফিকেটে এক নাম, আর বলা হচ্ছে আরেক নাম। এখন শুধু শেখ মুজিবুর রহমান হল লেখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, শহীদ ওসমান হাদি হল নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নামের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই হল প্রশাসন আগের নামটিই প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলি করে দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে সেখানে শহীদ ওসমান হাদি হল লিখে দেন। গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে হলের নামফলক পরিবর্তনের এই কাজ করা হয়েছিল।

পরবর্তী সময়ে ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল। তবে এসব সুপারিশ সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন পায়নি।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম হল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীদের একটি অংশ।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com