logo

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২

পিপলসনিউজ ডেস্ক

Published:25 Dec 2025, 08:09 PM

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে গিয়ে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে যাওয়া বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, উত্তর ফকিরপুর নিবাসী জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে বাসের যাত্রী নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, হঠাৎ বাসটি কেঁপে ওঠে, তারপরই বিকট শব্দে সড়ক বিভাজনের উপরে উঠে যায়। মুহূর্তেই চারদিকে চিৎকার আর আর্তনাদ শুরু হয়। দুর্ঘটনায় আহত অন্য প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩টি অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা সবাই নোয়াখালী ফিরছি।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রাপথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি ৪২ আসনের বাস কুমিল্লার বাগমারা বাজারের সামনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

পিপলসনিউজ/এসসি


© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com