টানা দুই দফা বাড়ার পর আবার দুই দফা কমেছে সোনার দাম। শনিবার (৩১ অক্টোবর) দেশের বাজারে সোনার দাম ভরিতে পাঁচ হাজার ৪৮১ টাকা কমেছে। নতুন এই দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।
দাম কমানোর মধ্য দিয়ে এ নিয়ে টানা চার দিন দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। আজ রুপার দামও কমানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় তিন হাজার ৮৪৯ টাকা। এরপর শুক্রবার কমানো হয় এক হাজার ৬৩৩ টাকা। ফলে শুক্র ও শনিবার সোনার দাম কমল ভরিপ্রতি সাত হাজার ১১৫ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা; সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
আজ দাম কমার আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা ছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে তিন হাজার ৩৮২ টাকা।
বিশ্ববাজারেও সোনার দাম কমছে। শুক্রবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। সেদিন নিউইয়র্কের বাজারে সোনার দাম কমেছে আউন্সপ্রতি ১৪৩ ডলার। ফলে আউন্সপ্রতি সোনার দাম কমে হয়েছে তিন হাজার ৮৭৫ ডলার।
সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ১৫৩ ডলার; ছয় মাসে সোনার দাম কমেছে ৬০৬ ডলার।
পিপলসনিউজ/আরইউ