logo

ধলেশ্বরী নদীর ফেরিতে হঠাৎ চালু ট্রাক: ৫ যান নদীতে, তিন মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published:21 Dec 2025, 11:23 AM

ধলেশ্বরী নদীর ফেরিতে হঠাৎ চালু ট্রাক: ৫ যান নদীতে, তিন মৃত্যু

ধলেশ্বরী নদীর ফেরিতে হঠাৎ চালু ট্রাক: ৫ যান নদীতে, তিন মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে তীরে উঠেন। তবে স্বাধীন ও মাসুদ রানা নামের দুজন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে রাতে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। রাত দুইটার দিকে নদী থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফেরিতে থাকা ট্রাকটির ইঞ্জিন হঠাৎ চালু হলো কীভাবে এবং এই যান্ত্রিক ত্রুটির পেছনে চালকের কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ট্রাকটি হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ফেরির রেলিং ভেঙে যানবাহনসহ নদীতে পড়ে যায়। ওই ঘটনায় একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com