logo

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

Published:23 Sep 2025, 09:29 PM

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা জানা গেল

নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা জানা গেল

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা তাকেসহ অন্যদের ঘিরে ধরে নানা স্লোগান দেন। এ সময় খুব কাছে থেকে আখতার হোসেনকে লক্ষ করে ডিম ছোড়েন একজন। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার সময় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ফেসবুকে লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

তিনি আরো লেখেন, এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরো বাড়িয়ে দিবে।

আখতার হোসেনের ওপর হামলার সময় তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।

এদিকে, আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামের এক ব্যক্তিকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তিনি যুবলীগ নেতা বলে জানা গেছে। 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আখতার বলেন, আমরা সেই প্রজন্ম যারা শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।

হামলার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ওপর হামলে পড়বে এটিতে আমরা আর অবাক হই না।

অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখব, আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com