logo

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

নিজস্ব প্রতিবেদক

Published:31 Oct 2026, 04:52 PM

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে আগামীকাল রোববার (১ নভেম্বর)। শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, শুক্রবার আমরা শ্রমিক সংগঠনের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। এই পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, আগামীকাল রোববার আমরা মজুরি বোর্ড গঠন করব। কাজেই মজুরি বোর্ড যেহেতু ঘোষণা আমরা গেজেট আকারে প্রকাশ করব; তারপরে আর তো কোনো আন্দোলন থাকার কথা না।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। সাভারেও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। 

মন্ত্রী আরিফ বলেন, দেখা যায় বাইর থেকে সংঘবদ্ধ দল শ্রমিকদেরকে উত্তেজিত করছে। আপনারাও জানেন, আমরাও জানি যে এরা কারা। এরা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার আছে কি না?

পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে অভিযো করে তিনি বলেন, এ নিয়ে জাতি হিসেবে আমাদের সকলের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে।

মন্ত্রী বলেন, যেহেতু মজুরি বোর্ড গঠন করব রোববার, আজকে তো শনিবার বন্ধ। তারপরে আর শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো কারণ নাই। আমি আশা করব, শ্রমিকরা তাদের কলকাখানায় ফিরে যাবেন। যেসব কারখানায় এখনো শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি, সেগুলো দ্রুত পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ ও বিকেএমইএকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং মজুরি বোর্ড গঠনে সরকারের উদ্যোগের পর কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসা উচিত। শ্রম আইন অনুযায়ী সরকার চার সদস্যের একটি নিম্নতম মজুরি বোর্ড গঠন করে থাকে। এতে থাকেন একজন চেয়ারম্যান, নিরপেক্ষ সদস্য, মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি।

আর কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধি কাজ করেন এ বোর্ডের সঙ্গে।
শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com