logo

পঞ্চগড়ে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

Published:02 Dec 2025, 10:05 PM

পঞ্চগড়ে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রাত ও দিনের তাপমাত্রা কমেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রাও নেমেছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে গত ২৩ নভেম্বর তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রিতে। 

এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ এর মধ্যেই ওঠানামা করছিল। তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি।

জেলা শহরের জালাসী পাড়া এলাকার রিকশাচালক ফয়জুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার পর থেকেই ঠান্ডা লাগছিল। কয়েকদিন ধরেই প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ভালোই ঠান্ডা লাগে। রাতে কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। ফজরের সময় বেশ শীত অনুভূত হয়। তবে সূর্য ওঠার পর ঠান্ডার অনুভূতি কমে যায়।

জেলা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশির জমে আছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে হিমেল হাওয়া। বিকাল গড়ালেই তাপমাত্রা কমতে থাকে এবং মধ্যরাতের পর শীতের তীব্রতা বেড়ে যায়। ঘন কুয়াশার কারণে ভোরবেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

দরজিপাড়া এলাকার ভ্যানচালক কুদ্দুস আলী বলেন, ‘কয়েক দিন ধরে হালকা কুয়াশা পড়লে আজ একটু কুয়াশা ও শীতের মাত্রা বেড়েছে। ভ্যান চালালেই পুরো গা ভিজে যাচ্ছে। যাত্রীও নাই। মনে হচ্ছে পুরোদমে শীত পড়া শুরু হলো।’ 

পথচারী রাকিব হাসান বলেন, ‘সকালে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছি। মনে হচ্ছে, আজ থেকে শীত বাড়বে। অন্যদিনের তুলনায় আজকে খুবই ঠান্ডা।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক তিন ডিগ্রি। কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্য ওঠানামা করছিল।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com