গর্ভাবস্থার ফটোশুট করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। সন্তান জন্মের পর তিনি দ্রুত আগের চেহারায় ফিরতে পারেননি, তা নিয়েও চলে কটাক্ষ, বিতর্ক।
ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী।
আনন্দবাজার বলছে এক সাক্ষাৎকারে ৪৭ বছরের বিপাশা বলেন, নারীদের শরীর নিয়ে এখনও অদ্ভুত সব কথাবার্তা বলা হয়। সন্তান জন্মের পরেই যেন জাদুর মতো কয়েক দশক আগের চেহারায় ফিরে আসতে হবে একজন নারীকে।
তার প্রশ্ন, ২০ বছরের এক জন মেয়ের ক্ষেত্রে যে প্রত্যাশা, চল্লিশ বছর বয়সি কারো কাছেও কেন একই প্রত্যাশা থাকবে?
মেয়ে দেবীর জন্মের পর নিজেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে অভিনেত্রী। তিনি বলেন, সেই সময় তাকে ভয়াবহভাবে সমালোচনা করা হয়েছিল।
তবে কেবল আশেপাশের মানুষদের কাছ থেকে নয়, পাপারাজ্জিদের একাংশের আচরণেও ক্ষুব্ধ বিপাশা।
বিপাশার অভিযোগ, সেই সময় কয়েক জন চিত্রগ্রাহক তার অদ্ভুত ছবি তুলেছিলেন।
অভিনেত্রীর মতে, মা হওয়ার পর নারীকে একই সঙ্গে সন্তান, সংসার, নিজের জীবনযাপনের নানা ধরনের চাপ সামলাতে হয়। অথচ সেই পরিশ্রমের কথা কেউ মনে রাখে না।
মা হওয়ার পর অভিনয়ে সেভাবে পওয়া যায়নি বিপাশা বসু। মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন।
‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২৩ সালে বিপাশা পান মাতৃত্বের স্বাদ।
পিপলসনিউজ/আরইউ