পাবনার সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা খবরের সত্যতা নিশ্চিৎ করে বলেন, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
আরজু ২০১৪ সালে পাবনা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ধানমন্ডি ২৭ নম্বরে মিনা বাজারে কফি হাউসে বসে সেখানে কয়েকজন নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক করছিলেন এই সাবেক এমপি। পরে স্থানীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা জানতে পেরে তাদের সঙ্গে বচসা এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সাবেক এই সংসদ সদস্য স্বাস্থ্যগত কারণে পালাতে পারেননি।
তিনি বলেন, পরে পুলিশ খবর পেয়ে আজিজুল হক আরজুকে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী বা অন্য কোনো মামলা আছে কিনা জানতে আমরা তার নির্বাচনি এলাকায় খবর নিচ্ছি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আরজু হৃদরোগে আক্রান্ত, তাই পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সহায়তায় তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
পিপলসনিউজ/আরইউ