পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।
ভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, সিয়ামের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। বাসমালিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।
পিপলসনিউজ/আরইউ