কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিবেশীর পোষা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিচার চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা।
মৃত বিড়ালটি খাঁচায় ভরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শামশুল চকরিয়া থানায় হাজির হন। তার অভিযোগ, প্রতিবেশী ফিরোজা বেগম তার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল আছে। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তার পিছু নেয়। সে সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তার বিড়ালটিকে আক্রমণ করে। শামশুল কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা লাঠি দিয়ে পিটিয়ে তার বিড়ালটিকে হত্যা করেন।
শামশুল বলেন, ‘বিড়ালগুলো আমার সন্তানের চেয়েও বেশি। অনেক আদর-যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ অভিযোগটি তদন্ত করে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।’
পিপলসনিউজ/আরইউ