দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে না। মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্যই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা হলো আজ। এখন নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময় জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সূত্র বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবে।
উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদনটি বায়েরার কাছে জমা দিবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র।
পিপলসনিউজ/আরইউ