সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর তৃতীয় পর্বে হাজির হয়ে তিনি এই সম্পর্কের কথা নিশ্চিত করেন।
শো তে বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন জাহ্নবী। পরবর্তীতে সেখানে যোগ দেন তার ভাই অর্জুন কাপুরও। অনুষ্ঠানের একপর্যায়ে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন জাহ্নবী।
তারকারা কেন সম্পর্ক নিয়ে লুকোচুরি করেন— এমন প্রশ্নে জাহ্নবী বলেন, ‘ব্যক্তিগত জীবনের সবকিছু লুকিয়ে রাখা বা অতিরিক্ত গোপনীয়তা রক্ষা করার ধারণাটি এখন আর যৌক্তিক মনে হয় না।’
তার ভাষায়, ‘বিষয়টি নিয়ে লুকোচুরি করাটা বেশ বিরক্তিকর।’ করণ জোহর যখন জানতে চান সম্পর্কটি তার জীবনের শেষ পর্যন্ত টিকবে কিনা, তখন কোনো দ্বিধা ছাড়াই জাহ্নবী ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন। কঠিন সময়ে সঙ্গীর অবিচল সমর্থনই তার মনে গভীর আস্থা তৈরি করেছিল বলে জানান তিনি।
বিয়ে প্রসঙ্গে জাহ্নবী স্পষ্ট জানিয়ে দেন, আগামী দুই-তিন বছরের মধ্যে তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই।
চারপাশে নানা সম্পর্কের ইতি ঘটার গুঞ্জন থাকলেও তারা দুজনে বেশ ভালো অবস্থানে আছেন বলে জানান এই অভিনেত্রী।
আপাতত কাজের বাইরে অন্য কিছু ভাবছেন না জাহ্নবী। হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। ২০২৭ সাল পর্যন্ত তার শিডিউল বেশ ব্যস্ততায় ভরা। তার আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে রাজ মেহতার পরিচালনায় ‘লাগ যা গালে’ (টাইগার শ্রফ, বিদ্যুৎ জাম্মওয়াল ও টাবুর সঙ্গে), ধ্রুব বিক্রমের তামিল চলচ্চিত্র ‘জ্যাকি’ এবং আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার সঙ্গে অ্যাটলির চলচ্চিত্র ‘রাকা’।
এ ছাড়া বর্তমানে তিনি একটি নামহীন রোমান্টিক থ্রিলারের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
পিপলসনিউজ/আরইউ