logo

বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

Published:08 Oct 2026, 12:09 AM

বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তার আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিপ্লব ও সংহতি দিবসের প্রজ্ঞাপনে বলা হয়, ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর শিডিউল ওয়ানে থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যাবলি বণ্টনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন: এদিকে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলো। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে।

জরুরি পরিষেবা এ ছুটির আওতাবহির্ভূত থাকে। যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংক্রান্ত সেবাকাজের সঙ্গে নিয়োজিত সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা, চিকিৎসাসেবায় সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com