এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাজে পারফরম্যান্স এবং নানা বিতর্কের পর চাকরি হারালেন জেরার্ড জোন্স। এই ইংলিশ কোচকে ছাঁটাই করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জোন্সেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছে। বাছাইয়ের বাকি সময়ে জোন্সের বদলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
গত জুনে দুই বছর মেয়াদে জোন্সের সঙ্গে চুক্তি করে বাফুফে। বয়সভিত্তিক দল ছাড়াও তরুণ খেলোয়াড়দের তুলে আনা ও তৈরি করার দায়িত্ব দেওয়া হয় তাকে।
কিন্তু সাম্প্রতিক সময়ে বেতন না পাওয়া, নিরাপত্তা শঙ্কার কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন জোন্স। পরে বিষয়টি মিটমাট হলে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন তিনি।
কদিন আগে মিশুর সঙ্গে তার বাদানুবাদের কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই খেলতে উজবেকিস্তানে গিয়েও দুজনের মধ্যে বনিবনা না হওয়ার খবর প্রকাশিত হয়।
এর সঙ্গে যোগ হয়, বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ এবং সিরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের হতাশা। সব মিলিয়ে জোন্সকে শেষ পর্যন্ত বিদায় করে দিল বাফুফে।
ভারতের বিপক্ষে রোববার বাছাইয়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পেরিয়ে মূল পর্বে উঠতে হলে বাংলাদেশকে জিততেই হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলের দিকে।
এ মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকিস্তান। ভারত ও সিরিয়ার পয়েন্ট ৩ করে। বাংলাদেশ এখনও কোনো পয়েন্ট পায়নি।
পিপলসনিউজ/আরইউ