ফিফা আন্তর্জাতিক বিরতিতে গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল ৩–২ গোলে হেরেছে। এর মধ্যেই মাঠের বাইরের এক বিষয় নিয়ে আলোচনা চলছে ব্রাজিলের ফুটবলে। সেই আলোচনার কেন্দ্রে তিনজন মানুষ। নেইমার, ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকা।
প্রথম দুজন তো চেনা। পরেরজন ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা। ব্রাজিলের এই ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীর সঙ্গে গত মাসে সম্পর্কচ্ছেদ হয় রিয়াল মাদ্রিদ তারকার। সম্প্রতি ভার্জিনিয়াকে নিয়ে জানা গেল নতুন এক তথ্য, আর সেই তথ্যের কেন্দ্রবিন্দুতে আছেন ভিনির একসময়ের জাতীয় দল সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার।
ব্রাজিলের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম ‘মেট্রোপলিস’–এ লেখা কলামে দাবি করেন, ভিনির সাবেক এই প্রেমিকার সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন সান্তোস ফরোয়ার্ড নেইমার। সাও পাওলো ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে ৬ নভেম্বর আয়োজিত একটি পার্টিতে ভার্জিনিয়া ফনসেকা এবং নেইমারকে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গেছে। অলিভেইরা জানান, একটি পোকার ক্লাবে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে দুজন একসঙ্গে ছিলেন। আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি ছিল।
অলিভেইরার সূত্রের বরাত দিয়ে ‘মেট্রোপলিস’ আরও জানায়, উপস্থিত অতিথিদের সামনে নিজেদের ঘনিষ্ঠতা লুকানোর কোনো চেষ্টা করেননি ভার্জিনিয়া ও নেইমার। একপর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের খুব ঘনিষ্ঠ হয়েও এ ইনফ্লুয়েন্সারকে নাচতে দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে দুজনেই মদ্যপান করেছিলেন। এমনকি নেইমার মাইক্রোফোন হাতে নিয়ে মজা করে ওই ইনফ্লুয়েন্সারকে ‘ভিভিবোরা’ বলেও ডাকেন। ঘনিষ্ঠ বন্ধু ও ভক্তমহলে সোনালি চুলের এ তারকার এটি বেশ পরিচিত ডাকনাম।
ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন নেইমার। বর্তমানে এই তারকা ফুটবলারের তৃতীয় কন্যাসন্তান মারিয়াহর মা হতে চলেছেন ব্রুনা। উল্লেখ্য, ভার্জিনিয়া ফনসেকা ও ব্রুনা বিয়ানকার্দির মধ্যকার সম্পর্ক আগে থেকেই নানা বিতর্ক ও প্রকাশ্য মতবিরোধের কারণে আলোচিত।
ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্দি দীর্ঘদিন নেইমারের প্রেমিকা ছিলেন। ব্রাজিলিয়ান ঐতিহ্য মেনে তারা বিয়ে করেননি। তবে ব্রুনার দাবি, ‘কাগজে–কলমে’ আইনগতভাবে তারা বিবাহিত।
নেইমার ইনস্টিটিউটের নিলামসংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য রাত দুটোর দিকে নেইমারকে ফোন করার কথা ভার্জিনিয়া স্বীকার করার পর দুজনের মধ্যে টানাপোড়ন শুরু হয়। তার এ আচরণে ক্ষুব্ধ হন ব্রুনা বিয়ানকার্দি। ব্রুনা এই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভদ্রতা ও অসদাচরণের অভিযোগ তুলেছিলেন।
ভার্জিনিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নাকচ করে পোস্ট দেন নেইমার। সর্বশেষ বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের জার্সি তুলে রাখা নেইমার লেখেন, ‘আমি সাধারণত স্টোরিতে এসব বিষয়ে কিছু লিখি না, কিন্তু এবার তারা সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়ার’র খবর অনুযায়ী, নেইমার ও ভার্জিনিয়ার প্রতিনিধিরা কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
নেইমারের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রকাশিত তথ্যটি মিথ্যা এবং প্রকৃত ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।’
অন্যদিকে ভার্জিনিয়ার প্রতিনিধিরা সম্পর্কের এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপনের সমালোচনা করেছে।
প্রতিনিধিদের পক্ষ থেকে গুঞ্জন নাকচ করার কয়েক ঘণ্টা পর বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন নেইমার। ইনস্টাগ্রামে লেখেন, ‘আরেকজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে দাবি করে একটি গল্প ছড়ানো হচ্ছে, আর আমি তা সরাসরি অস্বীকার করছি! আমার দল এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে, তবে বিষয়টির ইতি টানতে আমাকে ব্যক্তিগতভাবেই হস্তক্ষেপ করতে হলো।’
প্রথমবার বিচ্ছেদের দুই মাস পর গত জুলাইয়ে আবারও সম্পর্কে ফিরেছিলেন ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে সর্বশেষ বিচ্ছেদের খবর নিশ্চিত করার সময় এই ইনফ্লুয়েন্সারের দল জানিয়েছিল, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পিপলসনিউজ/আরইউ