logo

মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী মঈন

মানিকগঞ্জ প্রতিনিধি

Published:16 May 2025, 09:24 PM

মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী মঈন

মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী মঈন

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৫ আগস্টের পর থেকে টানা তিন মাস মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের বাড়িতে ছিলেন। এই সময়ে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। 

বৃহস্পতিবার (১৫ মে) তার আপন ভাই এবারত হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডা. এসএম মঈন হাসান চঞ্চলও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে গত সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন চার দিনের পুলিশি রিমান্ডে আছেন। 

বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন বলেন, মমতাজ আপা ৫ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিংগাইরের চরদুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করে ছিলেন। আমার স্ত্রী, সন্তান ছাড়া পাশের বাড়ির কেউও জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। 

এ সময় তিনি দলের নেতাকর্মীসহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কোনো আগন্তুক বাড়ির আঙ্গিনায় ঢোকামাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবে ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন। 

এবারত হোসেন আরো বলেন, মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্য রাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রংয়ের। 

এবারত বলেন, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন। আর টাকার জোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল।

এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডা. মঈন হাসান চঞ্চল জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। 

ডা. মঈন হাসান আরো জানান, মমতাজের নিজের নামে মহাখালীর ডিওএইচএসে পাঁচ তলা বাড়ি এখন মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে।

ডা. মঈন হাসান স্বীকার করেছেন, মমতাজ এমপি থাকাকালীন এখন থেকে তিন বছর আগে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, তিনি এই থানায় দুই মাস হলো যোগদান করেছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com