logo

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি

Published:04 Oct 2026, 11:13 AM

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশিকালে ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ট্রাকের চালক।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত এসআরবি সদস্যের নাম আলমগীর হোসেন (৪৬)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে তিনি প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।

আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় এসআরবি সদস্যরা। এসময় তল্লাশি দল একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামার সংকেত দেয়। ট্রাকটি না থেমে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তার বামপাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায়।

পরে ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় র‍্যাব সদস্য মো. আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন এবং ট্রাকচালক সজিবকে ভর্তি দেন। 

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্বপালনরত অবস্থায় গাড়িচাপায় আমাদের সদস্য আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com