logo

মাদক চোরাচালান ও অর্থপাচার মামলার তদন্তে সার্জিও আগুয়েরোর নাম

ক্রীড়া ডেস্ক

Published:05 Sep 2026, 11:42 AM

মাদক চোরাচালান ও অর্থপাচার মামলার তদন্তে সার্জিও আগুয়েরোর নাম

মাদক চোরাচালান ও অর্থপাচার মামলার তদন্তে সার্জিও আগুয়েরোর নাম

ফুটবলকে বিদায় জানিয়েছেন পাঁচ বছর হলো। স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমের শিরোনাম সচরাচর হওয়ার কথা নয় আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর।

কিন্তু এবার যখন শিরোনামে আসলেন তখন বিব্রতকর এক পরিস্থিতির মুখেই পড়েছেন তিনি।

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থপাচারের অভিযুক্ত একটি চক্রের বিরুদ্ধে তদন্ত করছে আর্জেন্টাইন আদালত। সেই তদন্তে নাম এসেছে আগুয়েরোর। তদন্ত থেকে জানা গেছে, আগুয়েরোর বিশ্বব্যাপী পরিচিতি ও ভাবমূর্তিকে কাজে লাগিয়ে একটি বাণিজ্যিক উদ্যোগের চেষ্টা করেছিল সন্দেহভাজন ওই অপরাধী চক্রটি।

বিচারক পাবলো ইয়াদারোলার তদন্তে আসামি বা অভিযুক্তর তালিকায় নাম নেই ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকারের।

হৃদরোগজনিত সমস্যার কারণে হঠাৎ করেই অবসর নেওয়া আগুয়োরো সরাসরি মাঠের খেলার সঙ্গে যুক্ত নেই। কনটেন্ট ক্রিয়েশন ও স্ট্রিমিং ও ই-স্পোর্টস ব্যবসার সঙ্গে আছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন থেকে জানা যায়, আগুয়েরোর প্রতিষ্ঠিত ই-স্পোর্টস ক্লাবের সঙ্গে সম্পর্কিত ‘ক্রু টিকিটস’ ব্র্যান্ড চালুর বিষয়ে আলোচনা চলছিল।

প্রকল্পটি দাঁড় করানোর ফাঁকে তার নাম ও সুনামকে পুঁজি করে বড় অঙ্কের বাণিজ্যিক ফায়দা লুটাই ছিল ওই চক্রের মূল উদ্দেশ্য।

তদন্তকারীদের ধারণা, চক্রটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের কাছে রিকার্দো বোচিনি স্ট্রিটের একটি আস্তানায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হতো। পুলিশ ইতোমধ্যে পিবট আলভারেজসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তালিকায় আছেন— দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি, বোনো ওজি দে কারলুচি, রাউল ও ওমার ব্রুহো মানজোনি।

মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জানুয়ারির একটি বার্তায় আনজালনি দে কারলুচিকে জানান, টিকিটিং প্ল্যাটফর্ম নিয়ে শিগগিরই আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কথা তার। বাণিজ্যিক আলোচনা এগিয়ে নিতে মেক্সিকো সফরের বিষয়েও তাদের কথা হয়। গত ২২ এপ্রিল আনজালনি মধ্যস্থতাকারীদের জানান, তিনি আগুয়েরোর সঙ্গে সরাসরি দেখা করেছেন এবং আলাপের ভিত্তিতে চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১০ হাজার ইউরো সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। পুরো বিষয়টি বর্তমানে আইনি তদন্তাধীন রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com