মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।
মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ আছে, ওই সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করতে থাকেন। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, প্রায় দুই ঘণ্টা চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
২০২৪ সালের ৫ আগস্টের পর এমন রাজনৈতিক সংঘাত এই প্রথম দাবি করে শাওন বল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি উভয় পক্ষই হাতবোমা ও ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
পিপলসনিউজ/আরইউ