logo

মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যে আসতে পারেনি

নিজস্ব প্রতিবেদক

Published:25 Nov 2026, 12:12 AM

মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যে আসতে পারেনি

মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যে আসতে পারেনি

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। বিপরীতে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনা ও দর-কষাকষির পরও দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান রয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভার ফলাফল বিষয়ে কিছু জানা যায়নি।  

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মালিক ও শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব কোনোটিই চূড়ান্ত নয়; মজুরি নির্ধারণে আরও আলোচনা হবে। এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। অন্যদিকে একই দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, ভোগড়া, নাওজোর ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা ও জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হয়। 

গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়নে এ আলোচনায় বসেন তারা।

বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি।

এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।

তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। 

এদিকে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। মঙ্গলবার তাদের দাবির মধ্যে ছিল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

গাজীপুরে কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি, ৩২টি বন্ধ : গাজীপুর মহানগরী ও শ্রীপুরের কয়েকটি জায়গায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একজন গার্মেন্ট শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা প্রথমে সড়কে নেমে আসেন।

এরপর ভোগড়া, নাওজোর এলাকাতেও শ্রমিক আন্দোলন শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

তিনি বলেন, এ ছাড়া গাজীপুরে সকালে ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তারা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

অপরদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাস্টারবাড়ি ও মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্প-কারখানার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com