logo

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

Published:21 Oct 2026, 10:27 AM

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৪ জন। হতাহতরা সবাই দেশি-বিদেশি পর্যটক।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে; সংঘর্ষের পর বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। 

আল-আহরামের প্রতিবেদন অনুসারে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা বিরল নয়। প্রায়ই বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে এর জন্য দায়ী করা হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ছয় হাজার মানুষ।

গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। তার আগের মাস আগস্টে উত্তর মিশরে কৃষি শ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েক জন শিশুও ছিল।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com