logo

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

Published:16 Nov 2026, 12:02 AM

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এ তথ্য জানান।

বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়।

সালাহউদ্দীন আহমদ বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পাশাপাশি মাদক কারবারে জড়িত আর্থিক চক্র এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ কোথায় যাচ্ছে, তা তদন্তের সুপারিশ করেন কমিটির সভাপতি।

বৈঠকে দেশের যেসব সীমান্ত এলাকা ও পথ দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি বেশি, সেগুলো চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।

মাদক চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে নজরদারি ও অভিযান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।

আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

কমিটির সদস্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা বৈঠকে অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com