logo

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

Published:09 Oct 2026, 11:11 PM

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কর্মীদের বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তার নাম মো. ফাহাদ (৩০)। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। আহত প্রাইভেট কার চালকের নাম লাল মিয়া (২৫)। 

অভিযোগ অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের গাড়িটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালিয়ে টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা লোকজন।

ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত বলেন, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে আমরা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছাই। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকাল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হই আমরা। 

রিফাতের ভাষ্য, তাদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর প্রায় ১০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে গাড়িটি থামাতে বাধ্য হন তারা। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এতে তার পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই দুই বস্তার মধ্যে তিন কোটি টাকার বেশি ছিল।

রিফাত আরও বলেন, মারধরে চালক আহত হলে ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। চার কোটি টাকা পরিবহনের জন্য পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। প্রাইভেটকারে থাকা তিন বিকাশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com