logo

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

Published:10 Oct 2026, 08:50 PM

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব এ এন এম আয়াস এবং একজন নারী রয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চুনকালি দেওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি ও স্লোগান দিলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের প্রথমে শাহবাগ থানায় নেওয়া হলেও পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে দেয়ালচিত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিকৃতি অন্তর্ভূক্ত করা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাদের ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আয়াসের নেতৃত্বে একদল লোক ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দিতে যান। এ সময় এক নারী কালি দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্য বাধা দেন এবং আটক চারজনকে থানায় নিয়ে যান।

সামনে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে যখন বিশেষ নিরাপত্তাব্যবস্থা জারি রয়েছে, তখন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আসন্ন ধর্মীয় উৎসবের আগে কোনো ধরনের সামাজিক উত্তেজনা বা উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল কি না, কিংবা এর পেছনে সুনির্দিষ্ট কোনো চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

কালি মুছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছেন এক রিকশাচালক : এদিকে কবিগুরুর প্রতিকৃতিতে চুনকালি দিয়ে বিকৃত করার চেষ্টা চলাকালেই এক সাধারণ রিকশাচালকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেটিজেনদের মন জয় করেছে। কালি দেওয়ার পরপরই খেটে খাওয়া ওই রিকশাচালক নিজ উদ্যোগে প্রতিকৃতি থেকে কালি মুছে পরিষ্কার করার কাজে নেমে পড়েন। সাধারণ একজন শ্রমজীবী মানুষের এমন শিল্প-সাহিত্য ও দেশের সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। বিনোদন অঙ্গনের শিল্পী, নির্দেশক থেকে শুরু করে সাধারণ মানুষ ওই রিকশাচালকের ছবি পোস্ট করে তার এই উদ্যোগকে শ্রদ্ধায় ভাসান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কার্যক্রম গ্রহণ করে। গত সোমবার (৬ অক্টোবর) ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীতে মৎস্য ভবনের দিকের দেওয়ালে কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফকির লালন শাহ, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম ও হুমায়ূন ফরীদিসহ ১০ জন বিশিষ্ট সংস্কৃতি ও সাহিত্য ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পাশাপাশি পথচারীদের বিশ্রামের বেঞ্চ ও ডাস্টবিন বসানো হয়।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com