logo

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই

আন্তর্জাতিক ডেস্ক

Published:07 Oct 2026, 04:29 PM

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই

মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। বুধবার (৭ অক্টোবর) তৃতীয় দিনে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়নে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

গত বছর রসায়নে নোবেল জেতেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের ওই বছর রসায়নে নোবেল দেওয়া হয় বলে জানায় সুইডিশ অ্যাকাডেমি।

এখন পর্যন্ত রসায়নে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে সম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট। সব মিলিয়ে ১৯৮ জন এ রসায়নশাস্ত্রে সর্বোচ্চ সম্মানজনক এ পদক পেয়েছেন।

গত সোমবার (৫ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এ পুরস্কার জিতেছেন তিনজন। নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান এবং গেয়র্গ নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার জিতেছেন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান রাখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হালজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com