logo

রাজধানীতে তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার

Published:13 Jan 2025, 05:31 AM

রাজধানীতে তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার

গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি- দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে ছিনতাই বাড়ার বিষয়ে জানতে চাইলে জবাবে নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাই চক্রের নাম-ধাম শনাক্ত করে অভিযান চলমান রয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

ছিনতাই গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে নাসিরুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন, ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ছিনতাই রোধে আমাদের কার্যক্রম চলমান আছে। আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাবো।

এ সময় উপস্থিত ছিলেন-  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ও রমনা জোনের ডিসি মাসুদ আলম।

পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com