logo

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

Published:09 Nov 2026, 12:37 PM

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ

ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশার সংকটে বিপাকে পড়েছেন অনেকে।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে। 

এদিকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করবে। তাদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ সকাল ১০টায় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে তাদের।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি রয়েছে। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরকে আমরা আহ্বান করেছি।

সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com