logo

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

Published:15 Jun 2026, 06:00 PM

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর যানজট নিরসন এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন,কতটুকু অগ্রগতি হয়েছে, সড়কে এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।

সভায় ঢাকার সড়ক থেকে পুরোনো ও চলাচলের অনুপযোগী যানবাহন অপসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কয়েকটি নির্দেশনা দেন বলে জানান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

পরীক্ষামূলকভাবে গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরাগুলোতে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে।

এছাড়া গেল মাসের মাঝামাঝিতে রাজধানীর মোট ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে চালু থাকা সিগন্যাল লাইট পয়েন্টে এআই প্রযুক্তির পিটিজেড ক্যামেরা বসিয়ে কাজ করার কথা বলছে পুলিশ।

সফটওয়্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী আইন লঙ্ঘন হলেই সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে গাড়ির মালিককে।

সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা সিটি করপোরেশন দক্ষিনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসন শফিকুল ইসলাম খান, মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊধর্বতন কর্মকর্তারা।

পিলসনিউজ/এসসি 


© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com