logo

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপি রানুর

পিপলসনিউজ ডেস্ক

Published:23 Jun 2026, 07:03 PM

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপি রানুর

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপি রানুর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রেহানা আক্তার রানু বলেন, জুলাই আন্দোলনের সময় তার নির্বাচনি এলাকা ফেনীতে ১১ জন নিহত হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিহতদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

নিহতদের স্বজনদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “তারা আমাদের কাছে কিছু চায় না, শুধু তাদের সন্তান হত্যার বিচার চায়।”

বক্তব্যের একপর্যায়ে তিনি কথিত ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ টেনে বলেন, সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হতো এবং একটি বিশেষ চেয়ারে ‘ইলেকট্রিক শক’ দেওয়া হতো।

এরপর তিনি বলেন, “যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হোক।”

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা জানালে রানু অতিরিক্ত সময় চান। পরে স্পিকার তাকে আরও দুই মিনিট সময় দেন।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, বিভক্তি সৃষ্টি হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বাজেটের ওপর আলোচনায় তিনি প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে ব্যাংক খাতের অনিয়মে জড়িতদের সম্পদ নিলামে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

এ ছাড়া ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ সম্প্রসারণ, এলপিজির মূল্য কমানো এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত চালুর দাবিও উত্থাপন করেন তিনি।

পিলসনিউজ/এসসি 

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com