logo

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

Published:29 Sep 2026, 01:21 PM

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

সামনে নির্বাচন। জিততে হলে তাই কৌশলের পথ নিতে হয়। সেটাই যেন করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শেষ মুহূর্তে এসে কনফেডারেশনগুলোর দাবি মেনে নিচ্ছেন তিনি। 

ফিফার আনুমানিক চার দশমিক চার বিলিয়ন পাউন্ডের বিশাল তহবিল থেকে সদস্য দেশগুলোর জন্য আরও বেশি অর্থ বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ইনফান্তিনো। গত সোমবার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনে নাকি এমনি এক চিঠি পাঠানো হয়েছে ফিফা থেকে। খবর বিবিসির

ইনফান্তিনো জানান, দায়িত্বশীলতার সঙ্গে যতটুকু সম্ভব, সর্বোচ্চ পরিমাণ অর্থ সাহায্য দেওয়ার পক্ষে তিনি সমর্থন জানাবেন।

চিঠিতে ইনফান্তিনো লিখেন, ‘অর্থের পরিমাণ আগে থেকে ঠিক করে দিতে চাই না। আলোচনার জন্য একটি নির্দিষ্ট অঙ্ক হতে পারে, তবে তা কখনোই পূর্ণাঙ্গ বৈশ্বিক নীতি হতে পারে না। তাই সমস্ত প্রস্তাবনা একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করতে মহাসচিবকে নির্দেশ দিয়েছি, যা ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’

ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ— ফিফার ফান্ড থেকে ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার যৌথ দাবি জানানোর পরই ইনফান্তিনোর এই চিঠি সামনে এল। আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি নিজের প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা চাপের মুখে বাতিল করতে বাধ্য ইনফান্তিনো। বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তিনি, যা নিয়ে বিশ্ব ফুটবলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠেছিল। তবে সেই প্রস্তাব বাতিল করেও চাপ থেকে রেহাই পাননি তিনি।

সেই ব্যর্থ উদ্যোগ নিয়ে আবারও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ইনফান্তিনো। সুইস-ইতালিয়ান সংগঠক দাবি করেন, ফুটবলের সার্বিক উন্নয়নে অতিরিক্ত অর্থ আয়ের উদ্দেশ্যেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। চিঠিতে তিনি লেখেন, ‘সম্প্রতি প্রত্যাহার করা বাণিজ্যিক প্রস্তাবটির মূল লক্ষ্যই ছিল ফুটবলে ফিফার বিনিয়োগ সক্ষমতা বাড়ানো।’

আগামী ২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে লড়াই করবেন ইনফান্তিনো। সভাপতি পদে লড়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com