দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শুক্রবার (১৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় এ আভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপটি নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
লঘুচাপটির সম্ভাব্য গতিপথ নিয়ে তিনি বলেন, নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে যে এটি কোন দিকে যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যায়, ভারতের অন্ধ্র-উড়িষ্যার দিকেই আছে এর ট্র্যাকটা। তবে এটা ডিপ্রেশন (নিম্নচাপ) হলে তারপরে স্পষ্ট হবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
পিপলসনিউজ/আরইউ