logo

সাবেক সংসদ সদস্য তহুরা আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

Published:23 Oct 2025, 09:10 PM

সাবেক সংসদ সদস্য তহুরা আলী মারা গেছেন

সাবেক সংসদ সদস্য তহুরা আলী মারা গেছেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তহুরা আলী। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

তহুরা আলীর স্বামী মোহাম্মদ আলী। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন।

তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে মেহের আফরোজ শাওন লেখেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

তিনি আরো জানান, দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com