logo

সোনার দাম বেড়ে ভরি দুই লাখ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

Published:28 Nov 2026, 11:35 AM

সোনার দাম বেড়ে ভরি দুই লাখ টাকার বেশি

সোনার দাম বেড়ে ভরি দুই লাখ টাকার বেশি

দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে দুই হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯০ হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন-ভেদে মজুরি প্রযোজ্য হবে। সোনার অলংকার ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে নয় শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে তিন হাজার ৩৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা এক হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com