সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একই পরিবারেরই চার জন রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী, শিশুসহ সাতজন প্রাণ হারান।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী ও মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যা সন্তানও রয়েছেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিহতদের বাড়ি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রবাসে দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
পিপলসনিউজ/আরইউ