logo

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

Published:11 Oct 2026, 11:50 AM

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক আছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শনিবারের (১০ অক্টোবর) এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হলে সেখানে ব্যাপক ভিড় হয়। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সৌদি আরবের হুমকি শনাক্তকরণ ও সতর্কীকরণ ব্যবস্থাও কোনো সংকেত দেয়নি। এর আগে চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা সৌদি আরবের একটি বাণিজ্যিক উড়োজাহাজেরও ব্যাপক ক্ষতি হয়।

বিমানবন্দরে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিস্ফোরণ দেখেছেন। এরপর বিমানবন্দরের ভেতরে কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।
রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতেও বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেখা গেছে।

আহত একজন যাত্রী রয়টার্সকে জানান, বিমানবন্দরের বাইরে আকাশে কোনো কিছুকে উড়ে যেতে দেখেছিলেন তিনি। এরপর বের হওয়ার ফটকের কাছে ছাদের একটি অংশ ধসে পড়েছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে হামলার ঘটনা প্রত্যক্ষ করা একজন যাত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ৪০৩ নম্বর গেটে ছিলাম। ৪০১ নম্বর গেটে হামলা হতে দেখেছি। নিজের চোখের সামনে আহত মানুষ দেখেছি। সবাই দৌড়াদৌড়ি করছিল।’

চিকিৎসা-সংক্রান্ত একটি সূত্র জানিয়েছে, এই হামলার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কর্মকর্তারা ‘গুরুতর জরুরি পরিস্থিতি’ সামাল দিতে চিকিৎসকদের জরুরি ভিত্তিতে তলব করেছেন।

এদিকে রিয়াদে হামলার কয়েক ঘণ্টা পর হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

এরপর আজ রোববার ভোরের দিকে জোট জানিয়েছে, তারা রাজধানীর দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর দিয়ে শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা গেছে।

ফ্লাইটরাডার২৪ বলছে, শনিবার ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া মোট ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়েছে।

গত বৃহস্পতিবার ও এর আগে চলতি সপ্তাহে হুতিদের হামলার কারণে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা সৌদি আরবের রাজধানীতে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com